প্রকৌশল গুচ্ছের খালি আসনে ডাকা হলো দেড় হাজার ভর্তিচ্ছুকে

৮ জুন, ২০২৪ ০৭:১৬  

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছভুক্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়- চুয়েট, কুয়েট ও রুয়েটের বিভিন্ন বিভাগে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য আসন শূন্য রয়েছে। তৃতীয় ধাপের পরও আসন পূরণ না হওয়ায় চতুর্থ ধাপে ভর্তির জন্য দেড় হাজার শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়েছে।

আগামী ৩ জুলাই তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে বলেছে কর্তৃপক্ষ। ভর্তিকৃত প্রার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় এবং বিভাগওয়ারী শূন্য আসন সংখ্যা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

গত ৩ মার্চ প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চুয়েট, কুয়েট ও রুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকাশিত মেধা তালিকা হতে গত ৮, ৯ ও ২৯ মে শিক্ষার্থী ভর্তি করা হয়।

তৃতীয় পর্যায়ের ভর্তির পর আসন খালি থাকায় ৫ হাজার ৮০১ থেকে ৬ হাজার ৫০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ৩ জুলাই (বুধবার) নির্দিষ্ট সময়সীমায় স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা হতে বেলা ৩টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি নেওয়া হবে। মেধাক্রমের ভিত্তিতে নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত প্রার্থীদের আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি করা হবে। আসন সংখ্যার চেয়ে বেশি প্রার্থী উপস্থিত হলে অতিরিক্ত প্রার্থীদের নিয়ে মেধাক্রম অনুযায়ী একটি অপেক্ষমান তালিকা সংরক্ষণ করা হবে। পরবর্তীতে উক্ত তালিকা হতে আসন খালি হওয়া সাপেক্ষে ভর্তির জন্য প্রার্থীদের পর্যায়ক্রমে ডাকা হবে।

প্রার্থীদের করণীয়:
মেধাক্রমধারী প্রার্থীদের https://admissionckruet.ac.bd লিংকে প্রবেশপূর্বক ‘Application’ ট্যাব এ ক্লিক করে Registered Applicant হিসেবে Login করতে হবে। এরপর ইতোপূর্বে পূরণকৃত ‘Online Choice Form’ এবং Dashboard এ নির্দেশিত অন্যান্য সকল ফরম download পূর্বক পূরণ করে (প্রিন্টেড কপি) ভর্তির সময় নিয়ে আসতে হবে।